আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরো তিনটি ত্রাণবাহী বিমান পাঠাবে ইয়েমেনে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র ইয়েমেনে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক আরথারিন কাজিনের সঙ্গে গতকাল (মঙ্গলবার) টেলিফোনে আলাপের সময় এ কথা বলেন আমির আব্দুল্লাহিয়ান।
ফোনালাপে কাজিন বলেন, ইয়েমেনে ত্রাণ পাঠানো ও বিতরণের ক্ষেত্রে সহযোগিতা করতে তার প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।
ইয়েমেনে ত্রাণ পাঠানোর বিষয়ে এরইমধ্যে সৌদি আরব এক ধরনের অবরোধ সৃষ্টি করেছে। ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে যখন দেশটির বিপুল সংখ্যক লোকজন মারাত্মক খাদ্য ও অন্যান্য জরুরি পণ্যের সংকটে রয়েছে তখন ইরান সানায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে। কিন্তু সৌদি আরব ইরানের বিমানকে ইয়েমেনে নামতে দেয় নি এবং সেসব ত্রাণসামগ্রী বিতরণ করা সম্ভব হয় নি। এরপর ইরান নতুন করে ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে।#